হারারেতে রেকর্ডের পর রেকর্ড, সাকিব-বেদীকে ছাড়িয়ে ছুটছেন তাইজুল

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন তাইজুলের। বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট, যেখানে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।

নয়া দিগন্ত অনলাইন
তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম |সংগৃহীত

হারারে টেস্টে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর পেসাররাও সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগাতে পারেননি। তবে দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম।

সবুজ ঘাসে মোড়া পেসারবান্ধব উইকেটেও দারুণ বোলিং করে ইনিংসে ৭ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি স্পিনার। সেইসাথে এক দিনে গড়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ড, জায়গা করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের এলিট তালিকাতেও।

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন তাইজুলের। বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট, যেখানে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।

দেশের সেরা অলরাউন্ডারের বিদেশে পাঁচ উইকেট ছিল পাঁচবার। মোহাম্মদ রফিক ও মেহেদী মিরাজ নিয়েছেন তিনবার করে। শুধু পাঁচ উইকেট নয়, সাত উইকেট শিকারেও তিনিই সেরা। দেশের হয়ে সর্বোচ্চ তিনবার ৭ উইকেট নিলেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে আর কোনো বোলার একাধিকবার ইনিংসে সাত উইকেট নিতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের ঝুলিতে রয়েছে একবার করে সাত উইকেট নেন।

সেই সাথে ১৩৮/৭ এখন দেশের বাইরে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস বোলিং। আগের রেকর্ডটিও ছিল সাকিবের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি নিয়েছিলেন ৬ উইকেটে ৩৩ রান। এছাড়া ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত হোসেন।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ডেও এখন সাকিবের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দু’জনেরই এখন ১৯টি করে পাঁচ উইকেট রয়েছে।

তবে এই মাইলফলকে পৌঁছাতে তাইজুল খেলেছেন মাত্র ১০৭ ইনিংস, যেখানে সাকিবের লেগেছিল ১২১ ইনিংস। তালিকায় এরপর রয়েছেন মিরাজ, যার পাঁচ উইকেট শিকার ১৪ বার।

দেশীয় রেকর্ড ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটেও নতুন উচ্চতায় উঠেছেন তাইজুল। হারারের ইনিংস শেষে তার টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৭০। এতে ভারতের কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার বিষেন সিং বেদীর ২৬৬ উইকেটকে ছাড়িয়ে গেছেন তিনি।

ফলে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি বাঁ-হাতি স্পিনার এখন বাংলাদেশের তাইজুল ইসলাম।

এক সময় দেশের বাইরে তাইজুলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। তবে সময়ের সাথে সেই প্রশ্নের জবাব দিচ্ছেন তাইজুল পারফরম্যান্স দিয়েই।