মাঠে ফিরেই গতিঝড় তুললেন নাহিদ রানা। যেই ঝড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের রীতিমতো কাঁপিয়ে ছেড়েছেন। ৯ ওভারে দুই মেইডেনসহ ২০ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার হারারেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে আগে ব্যাট করা স্বাগতিকদের ৩৬.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬.৪ ওভারে ৩৫ রান তুলে ফেলে বিনা উইকেটে। অবশ্য উইকেট নেয়ার সুযোগ এসেছিল, তাসকিনের বলে ব্রায়ান বেনেটের সহজ ক্যাচ মিস করেন রিশাদ হোসেন।
যখন মনে হচ্ছিলো উদ্বোধনী জুটিটা থিতু হয়ে গেছে, তখনই রান আউটে প্রথম উদযাপনের উপলক্ষ আসে। মিড অফে বল পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন বেন কারান ও ব্রায়ান বেনেট।
কিন্তু দ্বিতীয় রানটা শেষ করার আগেই বলটা ধরে দারুণ এক থ্রোতে স্টাম্প ভাঙেন মিরাজ। ১৯ বলে ১৮ করে আউট হন কারান। এরপর অবশ্য উইকেটের জন্য আর অপেক্ষা করতে হয়নি।
১৬ রান নিতেই আরো ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিনের শিকার হয়েই ফেরেন বেনেট, ২৪ বলে ১৭ করে সেই রিশাদকেই ক্যাচ দেন তিনি। ৭ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় স্বাগতিকেরা।
পরের ওভারে এসে তাসকিন দুর্দান্ত এক বলে বোল্ড করেন ক্রেইগ আরভিনকে (০)। এরপর শুরু হয় নাহিদ রানা ঝলক। একে একে ফেরান সিকান্দার রাজা (১), ওয়েসলে মাধেভেরে (০) ও ক্লিভ মাদান্দেকে (২)।
১৭.৪ ওভারে ৫১ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ইনোসেন্ট কাইয়াকেও ফেরান নাহিদ। ৩৯ বলে ২৪ রান করেন তিনি। ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৭০।
তবে এরপর জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায়। টাইগার স্পিনারদের দারুণভাবে সামলে ৭১ রান যোগ করে শেষ ২ উইকেটে। যেখানে ৯ম উইকেটে নিউম্যান নিয়ামুড়ি ও রিচার্ড এনগারাভার জুটিতে আসে ৬৩ রান।
৪১ বলে ২৭ রান করা এনগারাভাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। গড়েন ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড। আর ৫১ বলে ৩৩ রান করা নিয়ামুড়িকে ফিরিয়ে মিরাজ ইনিংসের ইতি টানেন।
নাহিদ রানার ৬ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নেন তাসকিন আহমেদ।



