বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাকে ঘিরে এমন জনসমাগম হবে যে ঢাকা শহরই অচল হয়ে যেতে পারে।
সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এতটাই প্রবল যে তিনি দেশে ফিরলে ব্যাপক গণজোয়ার তৈরি হবে।
তার বিশ্বাস, এই পরিস্থিতিই অনেকের উদ্বেগের কারণ। তাই কেউ কেউ চান না তিনি এখনই দেশে ফিরুন। সাকিব আরো জানান, তিনি আশাবাদী খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।
আগামী কয়েক মাসের মাঝেই দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন ও আদালতে নিজের অবস্থান তুলে ধরবেন বলেও জানান তিনি।
সবকিছু অনুকূলে থাকলে বাংলাদেশের জার্সি গায়ে মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব। দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি তিনি মাঠে, ভক্ত-সমর্থকদের সামনে করতে চান বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে কয়েকটি আইনি মামলা রয়েছে। এসব কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দল ও দেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে।



