দেড় বছর পর টেস্টে ফেরা তাসকিনকে নিয়ে আশাবাদী অধিনায়ক

দেড় বছর পর টেস্ট দলে ফিরে আসা তাসকিন আহমেদকে নিয়ে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে ফিট হওয়া তাসকিন ভালো প্রস্তুতি নিয়েছেন এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করার প্রত্যাশা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ |সংগৃহীত

সবশেষ সাদা পোশাকে তাসকিন আহমেদ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। অসাধারণ বোলিং করে দুই ম্যাচের সেই সিরিজে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় ছিলেন তাসকিন।

তবে এরপর বিগড়ে বসেছিল তার শরীর। চোট থেকে বাঁচতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছিল সাময়িকভাবে। সেই অধ্যায় শেষে দেড় বছর আগামীকাল শুক্রবার আবার শুরু হচ্ছে লাল বলে তার নতুন পর্ব।

লম্বা সময় পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছেন তাসকিন। মাঠে নামার আগে তাকে নিয়ে বেশ আশাবাদ জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত জানিয়েছেন, তাসকিন সবসময় টেস্ট ক্রিকেট খেলতে মুখিয়ে থাকেন। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্বক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘সবচেয়ে ভালো দিক হলো, তাসকিন সবসময় টেস্ট ক্রিকেট খেলতে চায়। অনাকাঙ্ক্ষিতভাবে ফিটনেস, চোট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় তাকে দলে নিতে পারি না। তবে সে সবসময় খেলতে চায়।’

তাসকিনের ফিটনেস প্রসঙ্গে শান্ত বলেন, ‘এই টেস্টের আগে ট্রেইনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা আলোচনা হয়েছিল, জানা গেছে সে খেলার জন্য ফিট। তো এ কারণে দলে নেয়া হয়েছে। কারণ তাসকিন শেষ সিরিজে খুব ভালো পারফর্ম করেছে। সুতরাং তাসকিন যখনই টিমে থাকে অধিনায়কের জন্য সহজ হয়ে যায়। দলের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই সবসময় তার কাছ থেকে। ওই আশা করেই তাসকিন আবার আসছে ও আমি আশা করব যে এই সিরিজটাও ভালো করবে।’

শান্ত বলেন, ‘ও অনেক অভিজ্ঞ ক্রিকেটার, সে জানে আসলে তার প্রস্তুতি নেয়ার জন্য কি কি করা প্রয়োজন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুশি, ফিজিও ও ট্রেইনারও খুশি এবং তারা খুব ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন। আশা করছি তাসকিন এই টেস্ট ভালো বোলিং করবে।’

ফিট থাকলেও দীর্ঘদিন পর এই ফরম্যাটে এসে মানিয়ে নেয়ার একটা ব্যাপার থাকে। গত দেড় বছর যেহেতু লাল বলে খেলেননি তাসকিন, সেক্ষেত্রে আলাদা প্রস্তুতির বিষয় আছে। সেটা কী করতে পেরেছেন তিনি?

উত্তরে শান্ত বলেন, ‘খুব ভালো প্রস্তুতি নিয়েছে। একটু কঠিন ছিল, আবহাওয়া খারাপ ছিল। তবে ওর ওয়ার্কলোড অনুযায়ী যতটুকু বল করার প্রয়োজন ছিল করতে পেরেছে। ইনডোরেও কিছু দিন বোলিং করেছে।’