ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে ক্রিকেটার পাঠাতে চায় না তারা।
শনিবার (১০ জানুয়ারি) এ কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়া সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলে জানিয়েছেন তিনি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিরাপত্তার কারণে বাদ দেয়ার পরই ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এমতাবস্থায় বিসিবি জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা।
এ নিয়ে আইসিসির সাথে চিঠি চালাচালিও করেছে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ। তবে এখনো সমাধান আসেনি এই সমস্যার।
আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ডও। তারা বল ঠেলে দিয়েছেন আইসিসি ও বাংলাদেশের ওপর।
শুক্রবার (৯ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
এদিকে, আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি জানান, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে তিনি আশা করছেন।
এদিকে শোনা যাচ্ছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেয়া হতে পারে। এই গুঞ্জনের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
বিসিবি সভাপতি আরো জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব আইসিসি বাতিল করলে কী করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তার বিশ্বাস শ্রীলঙ্কাতেই এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
এদিকে, শোনা যাচ্ছে আগামীকাল (রোববার) ভারত ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যেখানে এই প্রসঙ্গে কথা বলবেন তিনি। এনডিটিভির এক খবরে এই কথা বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ।



