১১ বলে ফিফটি, রেকর্ড গড়ে জবাব দিলেন সূর্যবংশীর

মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের বিশ্ব রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ২৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে সমালোচনার জবাব দিয়েছেন এই কিশোর তারকা।

নয়া দিগন্ত অনলাইন
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী |সংগৃহীত

কয়েক ম্যাচ ধরে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে জবাবটা দিলেন নিজের ব্যাটেই। মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ময়বালক।

ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শুরু থেকেই ঝড় তোলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। বিধ্বংসী ব্যাটিংয়ে একপর্যায়ে মনে হচ্ছিল, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ১০ চার ও ৮ ছক্কায় মাত্র ২৯ বলে ৯৪ রান করে আউট হন সূর্যবংশী।

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এর আগে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল উইরারত্নের। ২০০৫ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে তিনি ১২ বলে অর্ধশতক করেছিলেন। প্রায় দু’দশক পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী।

ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমেই আগ্রাসী রূপ ধারণ করেন তিনি। মুখোমুখি হওয়া প্রথম পাঁচ বলের প্রতিটিতেই মারেন বাউন্ডারি। প্রথম তিন বলে চার, পরের দুই বলে ছক্কা। এক বল ডট খেলার পর আবার ছক্কা ও চার মেরে মাত্র ৮ বলেই পৌঁছে যান ৩৪ রানে।

চতুর্থ ওভারে আরো একবার তাণ্ডব চালান এই বাঁহাতি ব্যাটার। ৪, ৬ ও ৬ মেরে মাত্র ১১ বলেই পূর্ণ করেন ফিফটি। আর তাতেই গড়ে ওঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের নতুন বিশ্ব রেকর্ড।

ফিফটির পরও থামেননি সূর্যবংশী। একই গতিতে রান তুলতে থাকা এই তরুণ ব্যাটারের স্কোর ৮ ওভার শেষে দাঁড়ায় ২৫ বলে ৮৬। নবম ওভারে আরো একটি ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান ৯০-এর ঘরে। তখন মনে হচ্ছিল, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও হয়তো নতুন করে লিখবেন তিনি।

তবে শতকের মাত্র ৬ রান দূরে থাকতেই বড় শট খেলতে গিয়ে মিড-অফে ধরা পড়েন সূর্যবংশী। তবু ২৯ বলে ৯৪ রানের এই বিধ্বংসী ইনিংসেই সমালোচকদের জবাব দেয়ার পাশাপাশি বিশ্ব রেকর্ডের পাতায় নিজের নাম লিখে ফেলেছেন ভারতের এই কিশোর তারকা।