বিসিবির নির্বাচকের দায়িত্ব পেলেন শামসুর রহমান

শামসুর রহমান শুভ বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন এবং তরুণ ক্রিকেটার তুলে আনার লক্ষ্য জানিয়েছেন।

শামসুর রহমান শুভ
শামসুর রহমান শুভ |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ শামসুর রহমান শুভ। খেলেছেন জাতীয় দলেও। তবে ২০১৪ সালের পর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন শুভ। গত ডিসেম্বরে তুলে রাখেন নিজের সাদা পোশাক। তবে এর মাঝেই দায়িত্ব পেলেন বিসিবিতে।

বিসিবির বয়সভিত্তিক দলের হয়ে নির্বাচকের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী এক বছরের জন্য দায়িত্ব সামলাবেন শুভ। গণমাধ্যমকে শুভ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। জানিয়েছেন নতুন দায়িত্ব সঠিকভাবে কাজে লাগানোর কথা।

শুভ বলেন, ‘আলহামদুলিল্লাহ, যে দায়িত্ব পেয়েছি সেটা যথাযথ কাজে লাগাতে চাই। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে চাই। ১ তারিখ থেকে নিজের কাজ শুরু করেছি। বর্তমানে খুলনাতে রয়েছি। অনূর্ধ্ব-১৬ দলের খেলা দেখতে এসেছি।’