ব্যাটাররা বড় পুঁজি গড়তে পারেননি। তবে বোলাররা হাল ছাড়েননি, মাত্র ১১৪ রান নিয়েও তারা লড়াই করে গেছে। এমনকি একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটা নিয়ে নিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, অল্প রান নিয়েও জয়টা বুঝি ধরা দিচ্ছে।
রান তাড়ায় শ্রীলঙ্কার ৫ উইকেট পড়ে যায় ৪৪ রানেই। কিন্তু শেষদিকে এসে হিসাব বদলে যায়। গুরুত্বপূর্ণ সময়ে রিতু মনির এক ওভারে ১৬ রান খরচের পর বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে জিতে যায় শ্রীলঙ্কা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এভাবেই হেরে যায় বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে এখন শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে হারাতেই হবে নিগার সুলতানা জ্যোতিদের।
অন্যদিকে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আর টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টানা হার দাঁড়াল সাত ম্যাচে।
বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের প্রথম ওভারেই চামারি আতাপাত্তুকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। নিজের দ্বিতীয় ওভারে ইমিশা দুলানিকেও বোল্ড করেন তিনি। এরপর সুলতানা খাতুন সানজানা কাভিন্দি ও রিতু মনির ভিশমী গুনারত্নেকে ফেরান। আর ফাহিমা খাতুনের সরাসরি থ্রোতে রান আউট হন কাভিশা দিলহারি।
শ্রীলঙ্কা ৪৪ রানে ৫ উইকেট হারালে জয়টা বাংলাদেশের হাতের মুঠোয়ই মনে হচ্ছিল। কিন্তু নিলাকশি ডি সিলভা ও হার্শিতা সামারাবিক্রমা মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন মারুফা। ১৮ রান করা নিলাকশিকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন তিনি।
তবে হার্শিতা তখনো অবিচল। শেষ পর্যন্ত অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। হন ম্যাচসেরাও। মারুফা ৩ উইকেট নিয়েও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে পঞ্চম ওভারে জুয়ারিয়া ফেরদৌস আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফেরদৌস ১০ বলে করেন ১৪ রান।
এরপর ওপেনার দিলারা আক্তার ২৬ বলে চারটি চারে ২৬ রান করেন। চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ বলে মাত্র ৪ রান করে ফেরেন। দ্রুত বিদায় নেন স্বর্ণা আক্তার ও রিতু মনিও।
মিডলঅর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষদিকে ফাহিমা আক্তার ১৩ বলে ১৪ রান করেন। তবে এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। তাতেই কোনো রকমে ১১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।



