সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। প্লেয়ার্স ড্রাফটের আগে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।
৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান গলের দ্বিতীয় বিদেশী ক্রিকেটার। এলপিএলে এর আগেও ২০২৩ সালে খেলেন লিটন। তবে সেবার ভালো করতে পারেননি, গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে করেন ৩৪ রান।
এছাড়া এর আগে আইপিএল, সিপিএল, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছেন লিটন দাস। পিএসএলে করাচি কিংস দলে সুযোগ পেলেও চোটের জন্য পিএসএলে খেলতে পারেননি তিনি।
আসন্ন আসরের জন্য এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে।
শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট চলছে আজ (সোমবার)। তার আগে রোববার দল পান লিটন। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল।



