পিএসএল ফাইনাল

নাহিদঝড়ে ১২৯ রানেই গুটিয়ে গেল হায়দারাবাদ

সাইয়ুম আইয়ুবের ব্যাটে যে শক্ত ভিত পেয়েও কাজে লাগাতে পারেনি দলটির ব্যাটাররা। ফরে দেড় শ’র আগেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে ফেরান নাহিদ রানা
ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে ফেরান নাহিদ রানা |সংগৃহীত

শুধুমাত্র ফাইনালের জন্য নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে যায় পেশোয়ার জালমি। তাদের সিদ্ধান্ত যে ভুল নয়, মাঠেই তার জানান দিলেন এই বাংলাদেশী। দিয়েছেন আস্থার প্রতিদান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার পিএসএলের ফাইনালে আগুনঝরা বোলিং করেন রানা। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট তুলে নেন তিনি।

তার আগুনঝরা বোলিংয়ের সাথে অ্যারন হার্ডির সমানতালে পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসমেনকে ১৮ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছে পেশোয়ার জালমি।

প্রথম ওভারে অবশ্য কিছুটা খরুচে বোলিং করলেন নাহিদ রানা। দেন ১৩ রান। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন না। বাকি তিন ওভারে তার গতির ঝড়ে মুগ্ধ করেন সবাইকে।

পরের ৩ ওভারে বিধ্বংসী বোলিংয়ে ফাইনাল রাঙান নাহিদ। ৮ম ওভারের প্রথম বলেই ১৪২.৭ কিমি. প্রতি ঘণ্টার ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ আউট করেন এই তরুণ। ওই ওভারে খরচ করেন মাত্র ৫ রান।

এরপর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে কোনো রানই দেননি নাহিদ। উল্টো পঞ্চম বলে ১৪৮ কিমি. প্রতি ঘণ্টা বেগের নিখুঁত ইয়র্কারে তিনি বোল্ড করে দেন হুনাইন শাহকে।

পিএসএল ফাইনালে মেডেন ওভার করা তৃতীয় বোলার নাহিদ। তার আগে ২০২১ সালে ইমরান খান ও ২০২৪ সালে এই কীর্তি গড়ে দেখান খুশদিল শাহ।

নিজের শেষ ওভারেও আরেকটি উইকেট পেতে পারতেন নাহিদ। দারুণ ইয়র্কারে সাইমের প্যাডে লাগলে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বাঁহাতি ব্যাটার। ওই ওভারে দেন ৪ রান।

অন্যদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন হার্ডি। তাতে ১৮ ওভারেই শেষ হয় হায়দরাবাদের ইনিংস।

দলটির হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন তিন নম্বরে নামা সাইম আইয়ুব।

পিএসএলের ফাইনালে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে স্রেফ একটি। ২০১৭ সালে জালমির বিপক্ষে ৯০ রানে অলআউট হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।