স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ রফিক
মোহাম্মদ রফিক |ফাইল ছবি

মানসম্পন্ন বাঁ-হাতি স্পিনার খুঁজে বের করার লক্ষ্যে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতরাতে অনুষ্ঠিত চতুর্থ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে বিবেচিত রফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। টেস্টে ১০০, ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেন তিনি।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী ছিলেন রফিক। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১০৫৯ রান করেছেন তিনি। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া টেস্টে নয় নম্বরে নেমে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৫২ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এ ছাড়া ওয়ানডেতে ১১৯১ ও টি-টোয়েন্টিতে ১৩ রান করেন রফিক।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।