অবশেষে বিপিএলে দল পেলেন সাদমান, আসছেন আরো ৩ বিদেশী

বিপিএলের চলতি মৌসুমে চট্টগ্রাম রয়্যালসে যোগ দিচ্ছেন সাদমান ইসলাম; একই সাথে দলে আসছেন পাকিস্তানের আরও তিন বিদেশী ক্রিকেটার।

নয়া দিগন্ত অনলাইন
সাদমান ইসলাম
সাদমান ইসলাম |সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ভালো করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামে উপেক্ষিত ছিলেন সাদমান ইসলাম। দল পাননি তিনি। তবে আসর শুরুর পর এবার তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

বিপিএলের চলতি মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে সাদমানকে। শুধু সাদমান নয়, দলটিতে দেখা যাবে আরো তিন নতুন বিদেশী ক্রিকেটার। তিনজনেই পাকিস্তানের।

আসিফ আলি ও আমের জামাল ইতোমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন বলে জানা গেছে। তবে হাসান নাওয়াজ আইএল টি-টোয়েন্টি শেষে বাংলাদেশের বিমান ধরতে পারেন।

এদিকে ২০১৮ সাল থেকে বিপিএল খেলা হয় না সাদমানের। গায়ে জড়িয়ে যায় টেস্ট ব্যাটসম্যান তকমা। তবে সাদা পোশাকের খোলস ছেড়ে বের হয়ে রঙিন পোশাকেও এবার এনসিএলে রঙ ছড়ান সাদমান।

এদিকে এবারের এনসিএলের প্রথম সেঞ্চুরিও আসে তার ব্যাটে। তবুও এবারের বিপিএলের নিলামে দল পাননি সাদমান। ফলে ফাঁকা সময়ে স্ত্রীকে নিয়ে বের দেশের বাইরে ঘুরতে যান সাদমান। তবে সহসাই দেশে ফিরতে হচ্ছে তাকে।