নাহিদ রানাকে পর্যবেক্ষণে রাখছেন ফিল সিমন্স

বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে বাড়তি সতর্ক রয়েছে টিম ম্যানেজমেন্ট। কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তার ওয়ার্কলোড ও ফিটনেস পর্যবেক্ষণ করে ধাপে ধাপে ম্যাচ খেলানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা
নাহিদ রানা |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যম- সব জায়গায় তার বন্দনা। সময়টাও তার অনুকূলেই।

এমতাবস্থায় সতর্কতার সাথে সামলাতে হবে তাকে। ম্যাচ খেলাতে হবে বেছে বেছে, বিশ্রাম ও রিকভারির সময় দিতে হবে পর্যাপ্ত। টিম ম্যানেজমেন্টও সেটা ভালো করেই জানে বলে জানালেন কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, ‘আমি আপনাকে বলি, নাহিদ রানার সবচেয়ে ভালো দিক হলো, সে কোথায় আছে ও তাকে কী করতে হবে, তা বোঝার ক্ষমতা। সে জানে এখন কোন অবস্থানে আছে ও প্রস্তুতির জন্য কী করতে হবে। তার এই মানসিকতা আমার মতে দারুণ বুদ্ধিদীপ্ত।’

‘তাকে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যেন তার ওপর অতিরিক্ত চাপ না পড়ে। সে যখন পুরো ফিট থাকে, তখন আমরা তাকে টেস্ট ম্যাচে খেলাই না, কারণ আমরা বলছি, তাকে চাই এবং তার গতি চাই। আমাদের বেশ কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে। গতির দিক থেকে সে এখন এগিয়ে আছে, তাই আমাদের তার দিকে নজর রাখতে হবে।’

শেষ মুহূর্তে কোনো সমস্যা না থাকলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টে নাহিদের খেলা নিশ্চিত। পরের টেস্টে সিলেটে তাকে খেলানো হবে কি না, সিদ্ধান্ত হবে প্রথম টেস্টের পর।

তিনি আরো বলেন, ‘যেটা বললাম, তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রথম টেস্টের পর তার অবস্থা দেখব আমরা, কত ওভার সে বোলিং করছে, শরীরের ওপর কতটা ধকল পড়ছে। ওয়ার্কলোড ব্যাপারটি এভাবেই কাজ করে। আমরা তার ওয়ার্কলোডে নজর রাখব এবং দেখব, তাকে পরের টেস্টে খেলাতে পারব নাকি বিশ্রাম দিতে হবে।’