ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ কম পাওয়ায় চলতি মৌসুমে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বেছে নিয়েছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলি।
সম্প্রতি এআরওয়াই পডকাস্টে মঈন জানান, আইপিএলে ম্যাচ খেলা ও ব্যাটিং করার সুযোগ কম পাওয়া যায়। এ ছাড়া লম্বা সময় ধরে চলে আইপিএল। পিএসএল ছোট হওয়ায় আমার এবং আমার পরিবারের জন্য সুবিধা হয়।
২০১৮ সালে প্রথম আইপিএলে খেলার সুযোগ পান মঈন। এরপর টানা আট বছর আইপিএল খেলেছেন তিনি। এরমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিন, চেন্নাই সুপার কিংসের হয়ে চার ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক মৌসুম খেলেন মঈন। আইপিএলে ব্যাট হাতে ৭৩ ম্যাচের ৫৯ ইনিংসে ৬ হাফ-সেঞ্চুরিতে ১১৬৭ রান এবং বোলিংয়ে ৭.২২ ইকোনমিতের ৪১ উইকেট শিকার করেন তিনি।
গেল বছর কলকাতার হয়ে ৬ ম্যাচ খেলে ২ ইনিংসে মঈন মাত্র ৫ রান করলেও বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।
আইপিএল ছেড়ে পিএসএল খেলায় মঈনকে নিয়ে আলোচনা ক্রিকেট আঙ্গিনায়। তবে পিএসএল খেলার কারণ জানিয়ে মঈন বলেন, ‘এই বয়সে আমার মূল লক্ষ্য বেশি-বেশি ব্যাটিং করা এবং খেলার ধারাবাহিকতা বজায় রাখা। গত মৌসুমে কলকাতার হয়ে ম্যাচ খেলার এবং ব্যাটিং করার সুযোগ খুবই কম হয়েছে। বেশিরভাগ সময় ডাগআউটে বসে থাকতে হয়েছে এবং ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামতে হয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি মাঠে থাকতে চাই, ব্যাটিং করতে চাই এবং যতটা সম্ভব ক্যারিয়ার দীর্ঘ করতে চাই।’
সাধারণত আইপিএল দুই বা আড়াই মাস হয়ে থাকে। কিন্তু পিএসএল এক মাসের মধ্যেই শেষ হয়। পরিবার ও নিজের কথা চিন্তা করে পিএসএল বেছে নেয়ার কথা জানান মঈন, ‘পিএসএল তুলনামূলক ছোট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক। আইপিএল বড় টুর্নামেন্ট। ক্যারিয়ারের এই সময়ে বড় আকারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা খুবই কঠিন।’
এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন মঈন। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩২ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি।



