বিপিএলের প্রস্তুতিটা দারুণভাবে সারল রাজশাহী রয়্যালস। প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সকে উড়িয়ে বাড়িয়ে নিলো আত্মবিশ্বাস। তবে জয়-পরাজয় ছাপিয়ে দুই দলের ক্রিকেটাররা পেয়েছেন নিজেদের পরখ করে নেয়ার সুযোগ।
বিপিএল মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে মাঠে অনুশীলনে ব্যস্ত দলগুলো। শেষ সময়ের প্রস্তুতি সারতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রংপুর ও রাজশাহী। যেখানে ৫ উইকেটের জয় পায় হান্নান সরকারের দল।
বসুন্ধরা স্পোর্টস সিটিতে সোমবার আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর। জবাবে ১৮.১ ওভারে জয় পায় রাজশাহী।
রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন ইফতেখার রহমান ইফতি। ওপেনিংয়ে নেমে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তাওহিদ হৃদয় ১৯ বলে ২৬, মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ বলে ২১ রান করেন।
এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৩ বলে ১০ রান। অভিজ্ঞ ফজলে মাহমুদ রাব্বি খেলেন ১৬ বল ১২ রানের ইনিংস। তবে খেলেননি লিটন দাস।
রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।
রান তাড়ায় রাজশাহীর হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া তানজিদ তামিম ২২ বলে ৩১ ও আকবর আলি ২১ বলে ২৫ রান করেন। সহজেই জিতে যায় রাজশাহী।
রংপুরের পক্ষে বল হাতে মাত্র ৭ রানে ২ উইকেট নেন হালিম। ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন নাহিদ রানা।



