টেস্টে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড

ভারতের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ ছক্কার মালিক হলেন ২০১৮ সালে টেস্ট আঙিনায় পা দেয়া পান্ত। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি ছক্কা আছে সাবেক ওপেনার বিরেন্দার শেবাগের।

নয়া দিগন্ত অনলাইন
টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ঋসভ পান্ত
টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ঋসভ পান্ত |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ঋসভ পান্ত। গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫০ ম্যাচের ৮৭ ইনিংসে পান্তের ছক্কা ছিল ৯৭টি। টেস্টের প্রথম ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলার পথে ৮ চার ও ২ ছক্কা মারেন পান্ত। এই ইনিংসেই টেস্টে ১০০ ছক্কা পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। এতে দ্রুত ১০০ ছক্কার বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এডাম গিলক্রিস্ট। ২০০৭ সালের নভেম্বরে ক্যারিয়ারের ৯২তম টেস্টের ১৩০ ইনিংসে ১০০ ছক্কা মালিক হয়েছিলেন গিলক্রিস্ট।

১৯ বছর পর গিলক্রিস্টের চেয়ে ৪১ ম্যাচ ও ৪১ ইনিংস কম খেলে টেস্টে দ্রুততম শততম ছক্কা বিশ্ব রেকর্ড দখলে নিলেন পান্ত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় বেন স্টোকস। ২০২২ সালের জুনে ৮২তম ম্যাচের ১৫১ ইনিংসে শততম ছক্কা মেরেছিলেন তিনি।

এরপর আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ সালে ৯৮ ম্যাচের ১৭০তম ইনিংসে শততম ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

স্টোকসের চেয়ে ৬২ ইনিংস এবং ম্যাককালামের চেয়ে ৮১ ইনিংস কম খেলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন পান্ত।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত পান্ত-গিলক্রিস্ট-স্টোকস ও ম্যাককালাম ১০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে শীর্ষে আছেন স্টোকস। ১২২ ম্যাচের ২২০ ইনিংসে ১৩৮ ছক্কা আছে স্টোকসের।

১০১ ম্যাচের ১৭৬ ইনিংসে ১০৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাককালাম। এরপর সমান ১০০টি করে ছক্কা আছে পান্ত ও গিলক্রিস্টের। তবে পান্ত ৫১ টেস্ট ও ৮৯ ইনিংস এবং গিলি ৯৬ টেস্ট ও ১৩৭ ইনিংস খেলেছেন।

ভারতের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ ছক্কার মালিক হলেন ২০১৮ সালে টেস্ট আঙিনায় পা দেয়া পান্ত। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি ছক্কা আছে সাবেক ওপেনার বিরেন্দার শেবাগের।