টি-টোয়েন্টি বিশ্বকাপ

হাত মেলাবে কি ভারত-পাকিস্তান? উত্তর মিলবে মাঠেই

আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান, তখন ফের প্রশ্ন উঠেছে, এবারো কি হাত মেলাবেন না দুই দলের খেলোয়াড়রা?

নয়া দিগন্ত অনলাইন
ভারত-পাকিস্তান ম্যাচে টসের মুহূর্ত
ভারত-পাকিস্তান ম্যাচে টসের মুহূর্ত |নয়া দিগন্ত

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। তবে ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর দেখা মেলে না ভদ্রতার। সৌজন্যবোধ থেকে হাত মেলানোটাও যেন অপরাধ! গত এশিয়া কাপে যা সৃষ্টি করেছিল বিতর্কের।

গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলের খেলায় শুধু একে অন্যের মুখ না দেখানোই যেন বাকি ছিল! হাত মেলানো তো দূর, কথাও বলেননি দুই দলের ক্রিকেটাররা।

আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান, তখন ফের প্রশ্ন উঠেছে, এবারো কি হাত মেলাবেন না দুই দলের খেলোয়াড়রা?

হাইভোল্টেজ ম্যাচের আগে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন শুনতে হলো পাকিস্তান ও ভারতের দুই অধিনায়ককে। তবে সালমান আগা কিংবা সূর্য কুমার যাদব, কেউ স্পষ্ট করেননি উত্তর।

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যাপারটা আমরা আগামীকাল দেখব।’ তবে সালমান মনে করেন, মাঠে ভালো চেতনা নিয়ে খেলা উচিত। সেই সাথে পূর্বের রীতি ধরে রাখতেও তাগিদ তার।

বলেন, ‘খেলাটি ভালো মানসিকতা ও সৌহার্দ্যের সাথে খেলা উচিত। আমি কী বিশ্বাস করি তা আসলে গুরুত্বপূর্ণ নয়। খেলাটি যেভাবে শুরু থেকে খেলা হয়ে আসছে, সেভাবেই খেলা উচিত।’

অন্যদিকে ভারত অধিনায়ক সূর্য কুমার যেন একটু বিরক্তিই প্রকাশ করেন প্রশ্নের উত্তরে। তবে মাঠে কি হবে, তার জন্য খেলা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।

বলেন, ‘টসের সময় আমরা হাত মেলানো নিয়ে ভাবব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর এটা নিয়ে সিদ্ধান্ত নেব। ভালোভাবে ঘুমান ও ভালো কিছু খান, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

উল্লেখ্য, গত বছর এশিয়া কাপে তিনবারের মুখোমুখি দেখায় দু’দলের কেউই একে অপরের সাথে হাত মেলাননি। মূলত পহেলগাম হামলার দায় পাকিস্তানকে দিয়ে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত।

ওই ঘটনায় পানি বহুদূর গড়িয়েছে। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে হবে বিধায় সেটি এখনো রয়ে গেছে দুবাইয়ে এসিসি অফিসে।