সিরিজ নিশ্চিত করতে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

এই মুহূর্তে দলের বড় দুশ্চিন্তা সহঅধিনায়ক সাইফ হাসান। এশিয়া কাপে দলের অন্যতম সেরা পারফরমারকে যেন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
আজ মাঠে নামছে টাইগাররা
আজ মাঠে নামছে টাইগাররা |নয়া দিগন্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল টাইগাররা। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে আজ শেষ ম্যাচটা জিতলেই মিলে যাবে সিরিজের সমীকরণ। সেই লক্ষ্যে বেলা ২টায় সেরা একাদশ নিয়ে মাঠে নামছে দল।

মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে প্রশ্ন, কেমন হবে আজকের একাদশ? দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়ালে আজ একাদশে পরিবর্তন আসতো নিশ্চিতভাবেই। তবে এখনো আছে সম্ভাবনা।

এই মুহূর্তে দলের বড় দুশ্চিন্তা সহঅধিনায়ক সাইফ হাসান। এশিয়া কাপে দলের অন্যতম সেরা পারফরমারকে যেন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সাত ম্যাচে তার সর্বোচ্চ রান ২৩। এর চেয়েও বড় দুশ্চিন্তা তার স্ট্রাইকরেট নিয়ে। ওপেন করতে নেমেও ১০৫-এর কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন। যা একেবারেই মানানসই নয়। যদিও এই ম্যাচে থাকছেন তিনি।

তাকে সরিয়ে এই মুহূর্তে অন্য কাউকে দলে নিতে সায় নেই অধিনায়ক লিটন দাসের। আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়েও কানাঘুষা আছে। বড় রান তাড়া করতে নামলেই নিজেকে হারিয়ে ফেলছেন তিনি।

রেকর্ড বলে এ পর্যন্ত ১১টি ম্যাচে ১৬০ প্লাস রান তাড়া করতে নেমে তানজিদের গড় ১৩.৯ আর স্ট্রাইকরেট ১১৬.৭৯! যেখানে তার টি২০ ম্যাচের গড় সাতাশের কাছাকাছি আর স্ট্রাইকরেট ১২৭ প্রায়।

ওয়ান ডাউনে লিটন, চারে তাওহীদ হৃদয়, পাঁচে পারভেজ ইমন আর ছয়ে শামীম হোসেন পাটোয়ারূী ব্যাটিং অর্ডার আপাতত একই থাকছে। সাত আর আট নম্বরে আছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন।

বোলিংয়েও নবাগত রিপন মণ্ডলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভরসা আছে। তার সাথে তানজিম সাকিব আর শরীফুল ইসলাম। অর্থাৎ একাদশ প্রথম ম্যাচের মতো থাকারই ইঙ্গিত আছে।

তবে চট্টগ্রামে জোর ধাক্কা খাওয়ার পর মিরপুরে ঘুরে দাঁড়াতে চাইছে কিউইরা। এমতাবস্থায় কঠিণ পরীক্ষা দিতে হতে পারে দলকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিপন মণ্ডল।