বিশ্বকাপ বাছাইপর্বে জয়রথ চলছে বাংলাদেশের মেয়েদের। অবিরত জয়ের ধারা ধরে রেখেছে বাঘিনীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) কীর্তিপুরে ৯০ রানের বিশাল ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। এ নিয়ে টানা ৬ ম্যাচে জিতল টাইগ্রেসরা।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলার বাঘিনীরা। জবাবে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা। রান তাড়ায় বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে টেনেটুনে দলীয় শতকের ঘর অতিক্রম করে স্কটিশরা।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩টি এবং স্বর্ণা আক্তার ১৩ রানে তুলে নেন ২টি উইকেট।
এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ আর জোয়াইরিয়া ফেরদৌস করেন বল সমান ২২ রান। তিন নম্বরে নেমে ১০ বলে ১৫ করে রানআউট হন শারমিন আক্তার। এরপর ১০০ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর সোবহানা মোস্তারি।
দু’জনই ঝড়ো ব্যাটিং করেছেন। তবে ফিফটি মিস করেন সোবহানা। ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি। অন্যদিকে ৩৫ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন নিগার সুলতানা জ্যোতি। ৫টি চার আর ৩টি ছক্কা হাঁকান এই ব্যাটার।



