শীর্ষস্থান দখলে রাখলো বাংলাদেশ। কোনো সুযোগই দিলো না শ্রীলঙ্কাকে। ধরে রাখলো অপরাজেয় থাকার কৃতিত্ব। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপের সেমিফাইনালে যাচ্ছে জুনিয়র টাইগাররা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার লঙ্কান যুবাদের ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে জুনিয়র টাইগাররা। শুক্রবার মুখোমুখি হবে দুই দল।
এদিন দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে শেষ হয় ইনিংস। জবাবে ৪৯.১ ওভারে ১৮৬ রান পর্যন্ত করতে পারে শ্রীলঙ্কা।
বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বোলাররা। ইকবাল হোসেন ইমন, শাহরিয়ার আহমেদ, সামিউল বশিররা চেপে ধরেন লঙ্কান ব্যাটারদের। ৮০ রানে ৫ ও ৩৯.১ ওভারে ১২৬ রানে ৮ উইকেট তুলে নেন তাদের।
যেখানে বলার মতো স্কোর ছিল কেবল চামিকা হেনাতিগালার। ৬৭ বলে ৪১ রান করেন তিনি। শেষ দিকে অবশ্য দারুণ ব্যাট করেন আদহাম হিলমে। তবে তার ৩৮ বলে ৩৯ রান কেবল হারের ব্যবধান কমায়।
রাসিথ নিমসারার (১২) সাথে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নেন আদহাম। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন ইকবাল ও শাহরিয়ার। ২ উইকেট নেন সামিউল বশির।
এর আগে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ভালো কিছুর আভাস দেয় বাংলাদেশ। জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে ১২.২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেন ৮৪ রান। তবে এরপরই থামতে হয় আবরারকে।
মারকুটে ব্যাটিংয়ে ৩৬ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৪৯ রান করে আউট তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন আরেক ওপেনার রিফাত বেগও। ৪৮ বলে ৩ চারের মারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে।
এরপর তৃতীয় উইকেটে হাল ধরেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। ৪৮ বলে ২৯ রান করে তামিম আউট হওয়ার পর হঠাৎ ছন্দপতন শুরু হয়। ২ উইকেটে ১৫৬ করা বাংলাদেশ পরের ৩৫ রানে হারায় আরো ৬ উইকেট।
যেখানে বলার মতো স্কোর কেবল কালামের, ৬০ বলে ৩২। এরপর ফরিদ হাসানের ৪০ বলে ২৯ ও শেষ দিকে ইকবাল হোসেন ইমনের ১২ রানে কোনো রকমে দুই শ’ (২২৫) পেরোয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কাবিজা গামাগে। বীরন চামুদিথা ও নিমসারা নেন ২টি করে উইকেট।



