উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে বুধবার বেশ সহজেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। এবার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষের খুঁজে কিউইরা।
সেই অপেক্ষা বাড়ছে না, দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে তারা।
বিশ্বকাপে আজকের ম্যাচটা কিছুটা অন্যরকম। একদিকে ক্রিকেটের ’জন্মভূমি’ ইংল্যান্ড, অন্যদিকে ‘পুণ্যভূমি’ ভারত। ফলে একটু বেশিই রোমাঞ্চের অপেক্ষায় দর্শক-সমর্থকেরা।
অবশ্য শেষ চারে ভারত-ইংল্যান্ডের দেখা টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কিছু নয়, আগের দুই আসরেও সেমিফাইনালে দেখা হয়েছিল তাদের। যেখানে স্কোর সমান ১-১।
২০২২ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড, আর ২০২৪ সালের আসরে থ্রি লায়ন্সদের ৬৮ রানে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ম্যান ইন ব্লুরা।
সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট পাঁচবার মুখোমুখি হয়। যেখানে তিনবার জিতেছে ভারত ও ২ বার জিতেছে থ্রি লায়ন্সরা।
সামগ্রিক পরিসংখ্যানেও ভারত অনেকটাই এগিয়ে। দু’দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়। যেখানে ১৭ বার জিতেছে ভারত ও ১২ জয় ইংল্যান্ডের।
যেখানে শেষ ৪ বছরে একচ্ছত্র আধিপত্য ভারতের, ২০২২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত আয়োজিত মোট ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত, ইংল্যান্ডের জয় মাত্র এক ম্যাচে।
অবশ্য এবারের বিশ্বকাপে দু’দলের অবস্থা প্রায় সমানে সমান। দু’দলই হেরেছে একটি করে ম্যাচে। ইংল্যান্ডের একমাত্র হার গ্রুপ পর্বে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তবে সুপার এইটে তিন ম্যাচের সবগুলোই জেতে তারা। সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানের পাশাপাশি, ইতোমধ্যে ফাইনালে ওঠা নিউজিল্যান্ডকেও উড়িয়ে দেয় তারা।
অন্যদিকে গ্রুপ পর্বে উড়তে থাকা ভারত হোচট খায় সুপার এইটের প্রথম ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরে যায় তারা। তবে বাকি দুই ম্যাচ জিতে নিশ্চিত করে সেমিফাইনাল।
ওয়াংখেড়ের ভরা গ্যালারি ভারতকে দেবে বাড়তি আত্মবিশ্বাস, অন্যদিকে ইংলিশরা আছে বেশ ছন্দে। ফলে লড়াইটা জমজমাট হতে চলেছে সেটা নিয়ে নিশ্চয়ই কারো দ্বিধা নেই।
তবে অদ্ভুত এক তথ্য হলো যে এই দু’দলের মাঝে গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে যারাই ফাইনালে পৌঁছেছে তারাই শেষ অবধি হয়েছে চ্যাম্পিয়ন।



