টি-টোয়েন্টি

সাউদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী সোধি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন সোধি।

নয়া দিগন্ত অনলাইন
ইশ সোধি
ইশ সোধি |ফাইল ছবি

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন স্পিনার ইশ সোধি।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন সোধি। ম্যাচে ৩ ওভার বল করে ২২ রানে ১ উইকেট নেন তিনি।

সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পথে সাবেক পেসার টিম সাউদিকে পেছনে ফেলেন সোধি। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট আছে সাউদির। ১৪২ ম্যাচে ১৬৫ উইকেট নিয়ে শীর্ষে উঠলেন সোধি।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় সোধির। এরপর টি-টোয়েন্টি দলে স্পিন বিভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তিনি। ২০ ওভারের ফরম্যাটে সোধির বোলিং ইকোনমি ৮.১৬ এবং গড় ২৩.০২।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন সোধি। তার উপরে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ১১৫ ম্যাচে ১৯৩ উইকেট ঝুলিতে আছে রশিদের।

সূত্র : বাসস