চলছে মহিমান্বিত রমজান মাস। বিশ্বের সকল মুসলিম ধর্মালম্বিদের মতো এই মাসে রোজা রাখছেন সিকান্দার রাজা। তবে এতে ক্লান্তি বোধ করেন না তিনি, বরং পান শক্তির উৎস।
সময়টা বেশ ভালো যাচ্ছে সিকান্দার রাজা ও তার দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা দলটা এবার চমকে দিয়েছে সবাইকে। হিসাবের বাহিরে থেকে এসে জায়গা করে নিয়েছে সুপার এইটে।
প্রথম পর্বে জিম্বাবুয়ে হারিয়ে দেয় সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকেও। সব মিলিয়ে চার ম্যাচ খেলে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে উঠে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের এমন অবিশ্বাস্য অগ্রগতির নেপথ্য অধিনায়ক সিকান্দার রাজা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
লঙ্কানদের দেয়া ১৭৮ রানের লক্ষ্য ব্রায়ান বেনেটের ৪৮ বলে ৬৩ ও সিকান্দার রাজার ২৬ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে তাড়া করে জিম্বাবুয়ে। রাজা এই ইনিংসটি খেলেন রোজা রেখেই।
তবে রোজা থেকে মাঠে নামলেও তার কোনো প্রভাব পড়েনি বলে জানান রাজা। বরং রোজাকে নিজের শক্তির উৎস বলেও দাবি করেন তিনি। বলেন, ‘রোজাই আমাকে শক্তি দেয়। হ্যাঁ, কখনো কখনো একটু কঠিন লাগে। কিন্তু বিশ্বাস করুন, রোজা শক্তি কেড়ে নেয় না, বরং শক্তি দেয়।’
সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে রমজানে নিজের রুটিনের ব্যাপারে রাজা বলেন, ‘আজ আমি সাহরি পর্যন্ত জেগে ছিলাম। ঘুমাতে যাইনি।’
কেন ঘুমাননি তাও জানান সিকান্দার রাজা। তিনি বলেন, ‘ভাবছিলাম যদি রাত ১টা-২টাতে ঘুমাই, তাহলে কি ভোর সাড়ে ৪টায় উঠতে পারব? তাই সাহরি পর্যন্ত জেগে ছিলাম। এরপর দুধ, খেজুর, মধু, অল্প কিছু খাবার আর ফল খেয়েছি।’
এদিকে শ্রীলঙ্কা ম্যাচের আগে কয়েকজন ধারাভাষ্যকার আলোচনায় জানিয়েছিলেন, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সুপার এইটে জিম্বাবুয়ের জায়গা করে নেয়া দেখে তারা অবাক।
জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখান রাজা। বলেন, ‘অনেকেই হয়তো জানেন না যে জিম্বাবুয়ে, আফগানিস্তান আর আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ।’
উল্লেখ্য, প্রথম পর্বে উড়তে থাকা জিম্বাবুয়ে অবশ্য সুপার এইটে এসেই বড় ধাক্কা খেয়েছে। গতরাতে (সোমবার) দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানে হেরে গেছে।



