প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন তানজিদ তামিম। সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে রাখলেন একাদশে জায়গা পাওয়ার দাবি। রান পেয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা লিটন দাস।
বোলিংয়ে ঝলক দেখিয়েছেন রিশাদ হোসেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানাও নজর কেড়েছেন সবার। সব মিলিয়ে জাতীয় দলের ক্রিকেটারারা প্রস্তুতিটা সেরেছেন ভালোভাবেই।
তামিম-রিশাদদের উপর ভর করে শনিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিএল অল স্টার্সকে ৪০ রানে হারিয়েছে মেহেদী মিরাজের দল।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন সাইফ হাসান ও তামিম। তাদের দুজনের জমে ওঠা ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। সাইফ আউট হন ৪৭ বলে ২২ রান করে।
তিনে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (১১)। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নেন তামিম। ৫৮ বলে ফিফটি তুলে নেয়ার পর তামিম ৯৯ বলে পৌঁছে যান তিন অঙ্কে।
সেঞ্চুরি তুলেই (১০১ বলে ১০০) তামিম আউট হন, ভাঙে শান্তের সাথে তার ৭৩ রানের জুটি। এরপর শান্ত আউট হন ৪৭ বলে ৪০ রান নিয়ে। পরবর্তীতে ৫৭ রানের জুটি গড়েন লিটন দাস ও আফিফ হোসেন।
দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফেরা লিটন ৩৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। দেড় বছর পর প্রত্যাবর্তন হওয়া আফিফ ২৮ বলে ২৯ রান করেছেন। শেষ দিকে মেহেদী মিরাজ ১৫ বলে ২৪ রানের ক্যামিও খেলেন।
তাতে ৮ উইকেটে ২৯৫ রানের পুঁজি পায় বিসিবি একাদশ। বিসিএল অল স্টার্সের হয়ে তিনটি উইকেট পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল।
রান তাড়ায় শুরুতে জিসান আলম ও নাইম শেখ মিলে ভয় ধরিয়ে দেন জাতীয় দলকে। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৭ রান তোলে তারা। পরবর্তীতে জুটির সেঞ্চুরিও হয়েছে।
দুই ওপেনারের ১০০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। ৫৩ বলে ৪০ রান করে আউট হন নাইম। এরপর ফিফটি তুলে নেয়া জিসানকেও ফেরান রিশাদ। ৬৭ বলে ৫০ রান করে আউট হন জিসান।
উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুতই ফেরেন মাহফিজুল ইসলাম রবিন, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমনরা। পড়েন রিশাদের তোপের মুখে৷ ১৫৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে অল স্টার্সরা।
এরপর ৮০ রানের দারুণ এক জুটি গড়েন রিপন ও আব্দুল গাফফার সাকলায়েন। ৪৮ বলে ৪৯ রানের ইনিংস খেলে সাকলায়েন আউট হলেও রিপন অপরাজিত ছিলেন ৩৯ রানে।
তাতে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৫৫ রানের বেশি তুলতে পারে অল স্টার্সরা। বিসিবি একাদশের হয়ে ৪০ রানে ৫ উইকেট নেন রিশাদ। দুইটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।
চার মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় দল। চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে খেলা হবে ১১, ১৩ ও ১৫ মার্চ।
সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডের সেরা পারফর্মারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেললেন মিরাজরা।


