আরো একবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছে পাকিস্তান। সুপার এইটেই শেষ হয় তাদের শিরোপা স্বপ্ন। সেই ব্যর্থতার ধাক্কা সামলে ওঠার আগেই এলো পিলে চমকানো নতুন খবর।
জানা গেছে, টিম হোটেলের নারী কর্মীর সাথে অসদাচরণ করেছেন পাকিস্তানি এক তারকা ক্রিকেটার। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস তাদের প্রতিবেদনে দিয়েছে এমন তথ্য।
এশিয়া স্পোর্টসের দাবি- শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটে শেষ ম্যাচের আগে পাকিস্তানের এক ক্রিকেটার একজন পরিচ্ছন্নতাকর্মীর সাথে অসংলগ্ন আচরণ করেন। এমতাবস্থায় সেই কর্মী চিৎকার করতে থাকেন।
তখন হোটেল কর্তৃপক্ষের লোক এসে নারীটিকে উদ্ধার করেন ও পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমার কাছে নালিশ করেন। সংবাদমাধ্যমটি আরো জানায়-
‘এমন ঘটনায় হোটেল কর্তৃপক্ষ চেয়েছিল বিষয়টি কঠোরভাবে মোকাবেলা করতে। তবে পাকিস্তান দলের ম্যানেজার ওই খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চান ও অসদাচরণের জন্য তাকে জরিমানা করেন।’
যদিও সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। তবে তার কর্মকাণ্ড নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টের মাঝে আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জানা গেছে, ওই খেলোয়াড়কে পরবর্তীতে বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে হাজির করা হতে পারে ও আরো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।



