নতুন ফ্রাঞ্চাইজি লিগে ডাক পেলেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি। যার আয়োজক দেশ বেলজিয়াম।
আইসিসির অনুমোদন পাওয়ায় প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে বেলজিয়ামের ইউটি-২০ টুর্নামেন্ট। প্রথম আসরেই যেখানে বসতে যাচ্ছে তারার মেলা। আছেন সাকিব আল হাসানও।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়্যাল ব্রাসেলস। সরাসরি দল পেয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও।
বেলজিয়ামের ব্রাসেলস শহরে ৬ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবে ৬ দল- ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ফ্র্যাঞ্চাইজিরা।
আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। এই ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন বিশ্বের তারকা সব ক্রিকেটাররা। টুর্নামেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ন মরগান।
আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, রাইলি রুশো, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, পাকিস্তানের মোহাম্মদ আমির- সাইম আইয়ুবরা আছেন তালিকায়।
এ ছাড়া ড্রাফটের জন্য নাম দিয়েছেন লেন্ডল সিমন্স, পিটার সিডল, শেলডন কটরেল, ওয়েন পারনেল, ইশ সোধি, ফিন অ্যালেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস, বেন কাটিং, জেমস ভিন্স, রোহিত পৌড়েল, নিখিল চৌধুরি, ডোয়াইন প্রিটোরিয়াস, রিজা হেনড্রিক্স ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।



