দেশের কোনো টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, ভরসা ট্যাপম্যাড

সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের জন্য শুধু ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের নাম রয়েছে। অর্থাৎ বাংলাদেশে টেলিভিশনে সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ
অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ |সংগৃহীত

রাত পোহালেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি ঘিরে দেশের ক্রিকেটপাড়ায় আগ্রহ থাকলেও বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে হতাশার খবর। হাই ভোল্টেজ এই সিরিজ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে না কোনো টেলিভিশন চ্যানেল।

সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের জন্য শুধু ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের নাম রয়েছে। অর্থাৎ বাংলাদেশে টেলিভিশনে সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ।

ট্যাপম্যাডে খেলা দেখতে হলে দর্শকদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করতে হবে। ফলে টেলিভিশনে বিনামূল্যে খেলা দেখার সুযোগ থাকছে না বাংলাদেশের দর্শকদের।

তবে অন্যান্য দেশে ভিন্ন ভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের মাধ্যমে সিরিজটি দেখা যাবে। শ্রীলঙ্কায় স্টার স্পোর্টস ও সুপ্রিম টিভি, পাকিস্তানে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড, মালদ্বীপ, নেপাল ও ভুটানে স্টার স্পোর্টস এবং ভারতে স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো।

ডারউইনের মারারা স্টেডিয়ামে ১৩ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের একাদশ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, জেমস ওয়েদারল্যান্ড, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, নাথান লায়ন, অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

অন্যদিকে বাংলাদেশ এখনো একাদশ চূড়ান্ত করেনি। অস্ট্রেলিয়া আগেভাগে একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ ম্যাচের দিন শেষবারের মতো উইকেট ও কন্ডিশন পর্যবেক্ষণ করে দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।