মোহাম্মদ আশরাফুল

সেঞ্চুরি না পাওয়ায় সাদমান-মুমিনুলদের মন খারাপ

সাকিব আল হাসানকে টপকে ২৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার এখন তাইজুল। তাই তাইজুলের প্রশংসা করেছেন আশরাফুল।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল |সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস সেঞ্চুরি করলেও, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার। মাহমুদুল হাসান জয় ৬০, সাদমান ইসলাম ৭৮ ও মুমিনুল হক ৮৭ রানে আউট হন। উইকেটে সেট হয়েও সেঞ্চুরি না পাওয়ায় মুমিনুল-সাদমানদের মন খারাপ বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘সবাই কিন্তু ভালো বলে আউট হয়েছে, এমন ভালো বলে আউট হলে কিছু বলার থাকে না। দলের সাথে থেকে যা বুঝেছি সবাই ভালো করার চেষ্টা করছে। ভালো খেলছে না, এরকম কিন্তু না।’

তিনি আরো বলেন, ‘তারা কিন্তু তাদের উইকেটটা ছুঁড়েও আসছে না। এই দুই টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের ব্যাটাররা ভালো বলে আউট হয়েছে। আসলে অভিযোগ না করে আমাদের মনে হয় পজিটিভ কথা বলাই ভালো।’

আশরাফুল বলেন, ‘অবশ্যই আমাদের থেকে তাদেরই মন বেশি খারাপ। তারা যদি ১০০-২০০ করত তাদেরই রান বেশি হতো। অবশ্যই আমি আশা করি, আমরা পজিটিভ চিন্তা করব এবং সামনে বড়-বড় ইনিংস খেলবো।’

প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জয়, সাদমান ও মুমিনুল ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৬ রান করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৫৩ রান করেন মুশি। শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির ভালো সম্ভাবনা ছিল মুশফিকের। কিন্তু ইনিংস ঘোষণা দেয়ায় সেই সুযোগ নষ্ট হয় মুশির।

এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘এটা দলগত খেলা, ব্যক্তিগত কিছু নিয়ে কেউ চিন্তা করে না। এমন একটা পরিস্থিতি ছিল যে, আমাদের ৫০০ রানের লিড হয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০ উইকেট নিতে আমাদের হাতে ওভার ছিল। আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না, স্পিরিট অফ ক্রিকেটে থাকবে না বিষয়টা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, যেহেতু মুমিনুল সেঞ্চুরির কাছাকাছি আছে, তাকে সুযোগ দেয়া হয়েছিল।’

টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

সাকিব আল হাসানকে টপকে ২৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার এখন তাইজুল। তাই তাইজুলের প্রশংসা করেছেন আশরাফুল।

তিনি বলেন, ‘তাইজুলকে অভিনন্দন, ২৪৯ উইকেট হয়েছে। তৃতীয় বোলার হিসেবে মেহেদি হাসান মিরাজ ২০৯ উইকেট শিকার করেছে। তাইজুল-মিরাজের সাথে কম্পিটিশন হবে, দু’জনই ডমিনেট করে খেলছে। শেষ আট-নয় বছর যদি আমরা দেখি টেস্ট ক্রিকেটে দু’জনই ডমিনেট করছে। দু’জনই বাংলাদেশের ভালো বোলার। পরের ১৮ টেস্টে তারা ভালো করবে বলে আশা থাকবে।’

এই সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় আরেক বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের। ওই টেস্টে ৬ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। মিরপুর টেস্টেও এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মুরাদ। তাই মুরাদের প্রশংসা করেছেন আশরাফুল।

তিনি বলেন, ‘এই সিরিজে হাসান মুরাদের অভিষেক হয়েছে। ঘয়োর ক্রিকেটে অনেকদিন ধরেই ভালো করছে সে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে দলে সুযোগ দেয়া হয়েছে। আশা করব এটা সে ধরে রাখবে।’