সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা বিরতিতে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সকাল থেকে ব্যাট করা এই ব্যাটার তৃতীয় সেশনে এসেও অপরাজিত আছেন ১৬০ বলে ৯১ রানে। অবশ্য ফিরে গেছেন লিটন দাস, আউট হন ৯২ বলে ৬৯ রান নিয়ে।
এদিকে তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ৬ উইকেটে ৩০৭ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানসহ টাইগারদের লিড পৌঁছেছে ৩৫৫ রানে। বড় পুঁজির পথেই টাইগাররা।
সোমবার ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। তবে ৫ রান যোগ হতেই ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ৪৬ বলে ১৫ করে খুররম শেহজাদের শিকার তিনি।
এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিটন দাসকে নিয়ে মুশফিক ধরেন হাল। লিটন রান তোলেন ওয়ানডে গতিতে। দুজনের জুটিতে ১৮৮ বলে যোগ হয় ১২৩ রান। ৬৭ বলে ফিফটি তোলেন লিটন।
প্রথম ইনিংসের এই সেঞ্চুরিয়ান এবারো ছুটছিলেন শতকের পথেই। তবে ৫৭তম ওভারে এসে ৯২ বলে ৬৯ করে সাজিদের শিকার হয়ে থামতে হয় তাকে। ২৩৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর নেমে মেহেদী মিরাজ অবশ্য থিতু হতে পারেননি, ৩৯ বলে ১৯ রান করে আউট হন তিনি। এরপর তাইজুলকে নিয়ে ইনিংস টানতে থাকেন মুশফিক। দলকে তিন শ’ পার করিয়ে যান চা বিরতিতে।
উল্লেখ্য, এই টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।



