বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের কয়েক ম্যাচে রান পাননি পারভেজ ইমন। আজ রান পেলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তবে তার গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে বড় পুঁজি পেল সিলেট। যেখানে বড় ভূমিকা রাখলেন মইন আলী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রানের পুঁজি পেয়েছে তারা। অভিষিক্ত আরিফুল খেলেন ২৯ বলে ৩৮ রানের ইনিংস।’
দলকে এদিন ভালো শুরু এনে দেন তৌফিক খান (১৭) ও ইমন। ৮ ওভার শেষে ফেরার আগে ২৪ বলে ৩২ রান করেন ইমন। এরপর দৃশ্যপটে আসেন বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা আরিফুল। জুটি গড়েন ওমরজাইয়ের সাথে।
এই জুটিতে যোগ হয় ৩৭ বলে ৬২ রান। আরিফুল আউট হতেই ফেরেন ওমরজাইও। ২৩ বলে ৩৩ করেন তিনি। টেকেননি আফিফ হোসেন (৬)। তবে ঝড় তোলেন মইন আলী, ২ চার ৩ ছক্কায় করেন ৮ বলে ২৮ রান।
৪ বলে ৯* রান করেন ইথান ব্রুকস, ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন মেহেদী মিরাজ। তাতে ১৮০ পর্যন্ত পৌঁছায় সিলেট। ঢাকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান শারিফি।



