৭ রানে ৬ উইকেট, পাকিস্তান ক্রিকেটে নাশরার নতুন ইতিহাস

৭ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন নাশরা সান্ধু, পাকিস্তান জয়ী ৭২ রানে।

নয়া দিগন্ত অনলাইন
নাশরা সান্ধু
নাশরা সান্ধু |সংগৃহীত

নাশরা সান্ধু এমন ধস নামালেন, হংকংয়ের ব্যাটারদের যেন কিছুই করার ছিল না। একের পর এক উইকেট তুলে নিয়ে মাত্র ৭ রান খরচ করেই ৬ শিকার তার। তার ঘূর্ণিতে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় হংকং। তাতেই পাকিস্তানের ক্রিকেটে লেখা হয় নতুন ইতিহাস।

দুবাইয়ে সোমবার নারী এশিয়া কাপের ম্যাচে ৪ ওভার বোলিং করেন নাশরা। তাতেই ৬ উইকেট, খরচ মাত্র ৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়া পাকিস্তানের প্রথম বোলার এখন তিনিই- পুরুষ ও নারী মিলিয়ে।

এর আগে পাকিস্তানের কোনো বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নিতে পারেননি। সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল সুফিয়ান মুকিমের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

নারী ক্রিকেটে পাকিস্তানের আগের সেরা বোলিং ছিল ওমাইমা সোহেলের। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। নাশরা সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন অনেকটাই।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৩ রান। শাওয়াল জুলফিকার ৩৫ বলে ৪৭ রান করেন, তার ইনিংসে ছিল ছয়টি চার। আয়েশা জাফর করেন ২৬ রান, অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪।

জবাবে পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি হংকং। ১৯ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

শেষ পর্যন্ত ৭২ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই জয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।