মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ (মঙ্গলবার) বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান, আর অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে এস এম মেহেরব হোসেন অহিনকে। আছেন শামিম পাটোয়ারী, মৃত্যুঞ্জয়ও।
দলটিতে মূলত জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। এই সিরিজকে সামনে রেখে তাদের নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ তৈরি হয়েছে।
তবে তাদের সাথে অভিজ্ঞতার ছোঁয়া যোগ করতে রাখা হয়েছে সাব্বির রহমানকে। অভিজ্ঞ সাব্বিরের রহমানের উপস্থিতি দলের ব্যাটিং বিভাগে ভারসাম্য আনবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই সিরিজের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে।
এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড:
জিসান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হোসেন অহিন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামিম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।



