পাকিস্তানের বিপক্ষে আরাধ্য সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। ফুরাতে চায় ১০ বছরের অপেক্ষা। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে শেষবার টাইগাররা ওয়ানডে সিরিজ জিতেছিল ২০১৫ সালে।
আজ (শুক্রবার) মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদিদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
সিরিজের প্রথম ম্যাচেও টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। সেবার ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশর বিপক্ষে যা তাদের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে মাত্র ১৫.১ ওভারে, ২০৯ বল হাতে রেখে। তানজিদ তামিম ছিলেন খুনে মেজাজে, মাত্র ৪২ বলে ৬৭* রান করেন তিনি।
পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে ভূমকা রাখেন পেসার নাহিদ রানা। ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন তিনি৷ গতি ঝড়ে নাভিশ্বাস তুলেন সফরকারীদের। ২৪ রানে নেন ৫ উইকেট।
আজও বাংলাদেশের সমর্থকেরা তেমন কিছুই চাইবে। তবে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। হারিস রউফকে নিয়ে প্রস্তুত তারা।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, হোসাইন তালাত, ফাহিম আশরাফ, ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।



