বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি লিগের তালিকায় ১০ নম্বরে বিপিএল

নানা অনিয়ম ও বিতর্কের কারণে দ্য ক্রিকেটারের র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগের তালিকায় বিপিএল জায়গা পেয়েছে দশম ও সর্বশেষ স্থানে। চার মানদণ্ডে বিচার করে আর্থিক অনিয়ম ও গ্রহণযোগ্যতার ঘাটতিকে এর পেছনের প্রধান কারণ বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

প্রতি আসরে নতুন নতুন কাণ্ডে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নানা অনিয়মে জমেছে বিতর্কের পাহাড়। চারিদিক থেকে ছুটে আসে সমালোচনার বিষবাণ। উঠেছে স্পট ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ!

পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনুশীলন বয়কট, বিদেশী ক্রিকেটারদের খেলা বর্জন, হঠাৎ করে হোটেল বদল, হোটেল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনার মতো নানা তুঘলকি কাণ্ড ঘটেছে বিপিএলে।

খেলা শুরুর আগে মালিকানা ছেড়ে দেয়া, কোচদের মাঠ ছেড়ে যাওয়াসহ নানা ঘটনার সাক্ষী হয়ে আছে বিপিএল। অথচ এই লিগটাকেই কিনা বলা হতো বিশ্বের সেরা তৃতীয় ফ্রাঞ্চাইজি লিগ!

প্রথম কয়েকটি আসরে ফিক্সিং কলঙ্কের কালি লাগলেও ছিল তারকা আলোয় ঝলমলে। তবে এরপর মান কেবল কমেছে বিপিএলের। এখন তো এই লিগের মান নেমে দাঁড়িয়েছে তলানিতে। ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা করে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম দ্য ক্রিকেটাররের তৈরি র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।

চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করেছে দ্য ক্রিকেটার। সেগুলো হলো বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক অবস্থান।

‘দ্য ক্রিকেটার’ জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে কম রেটিং পেয়েছে বিপিএল।

সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষস্থান দখল করেছে ভারতের আইপিএল, দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ।

এছাড়া চতুর্থ ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, পঞ্চম সিপিএল, ষষ্ঠ স্থানে পিএসএল ও সপ্তম স্থানে আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।

অষ্টম আইএল টি-টোয়েন্টি, নবম স্থানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও দশম স্থানে আছে বিপিএল।