আইপিএলের উদ্বোধনী দিনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দু’টি রেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ভেঙে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের একটি রেকর্ড। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবেও একটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।
রোববার (২৯ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে- এশিয়ার ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। ভেঙে দিয়েছেন শোয়েবের রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়ক করেছেন ১৩,৫৭১ রান। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে কোহলির সংগ্রহ ১৩,৬১২ রান।
ঈশান কিশনদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে এই এশীয় রেকর্ড গড়েছেন কোহলি। শোয়েবের চেয়ে অনেক কম ম্যাচ খেলে তাকে টপকে গেছেন কোহলি। শোয়েব খেলেছেন মোট ৫৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ। কোহলি শনিবার তার ৪১৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতীয় দলের সাবকে অধিনায়ক। তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,৫৬২ রান করেছেন। তার পর রয়েছেন কায়রন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,০৬৩) এবং জস বাটলার (১৩,৮৪৫)।
শনিবারের ম্যাচে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবেও একটি কীর্তি গড়েছেন কোহলি। রান তাড়া করতে নেমে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। রান তাড়া করার ক্ষেত্রে আরো একবার নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ৩৭ বছরের ব্যাটার।



