ক্রিকেটারদের ঈদ উপহার দিচ্ছে বিসিবি

জাতীয় দলের সাথে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরো ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

আফ্ফান উসামা

Location :

Dhaka
বিসিবির ঈদ উপহার
বিসিবির ঈদ উপহার |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) -এর ঈদ উপহার পাচ্ছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

ক্রিকেটারদের সাথে আরো উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে গত বছর থেকে এই উদ্যোগ নেয় ক্রিকেট পরিচালনা বিভাগ। সবাই মিলে যে এক বৃহৎ পরিবার, সেটি ছড়িয়ে দেয়াই যেন উদ্দেশ্য।

এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সাথে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরো অনেক উষ্ণ, ক্রিকেটারদের সাথে বোর্ডের যোগাযোগ এখন আরো ভালো।’

গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীর জন্য গিফট পাঠিয়েছিল বিসিবি। ঈদ উপহার হিসেবে সালোয়ার–কামিজ পাঠিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের জন্য কিছুই ছিল না, তবে এবার পাচ্ছেন ক্রিকেটাররাও।

এই ঈদে গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার ও তাদের সহধর্মিণীদের নামে।

উপহার হিসেবে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাজামা-পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ। আর ক্রিকেটারদের সন্তানদের জন্যও উপহার দিবে বিসিবি। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেটের বক্স।

শুধু ক্রিকেটাররা নয়, জাতীয় দলের সাথে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরো ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

বিসিবির এমন উদ্যোগ ঈদের বেশ আগেই ঈদের আমেজ নিয়ে এসেছে সংশ্লিষ্টদের মাঝে। যদিও এর জন্য প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হবে বিসিবির।