২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

নয়া দিগন্ত অনলাইন
আইসিসি বিশ্বকাপ ট্রফি
আইসিসি বিশ্বকাপ ট্রফি |নয়া দিগন্ত অনলাইন

দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসরকে সামনে রেখে তিন আয়োজক দেশের ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসাথে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের নতুন ব্র্যান্ড পরিচিতিও।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার একটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলো হলো—জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব ও ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড।

২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকার মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। তবে এবারই প্রথম বিশ্বকাপের আয়োজক দেশের তালিকায় যুক্ত হয়েছে নামিবিয়া।

সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দল। নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে ৫৪টি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে হবে সুপার সিক্স, এরপর সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

ভেন্যু ঘোষণার পাশাপাশি ২০২৭ বিশ্বকাপের নতুন ব্র্যান্ড পরিচিতিও উন্মোচন করেছে আইসিসি। আফ্রিকার ঐতিহ্য, ঐক্য ও মানবিক মূল্যবোধের প্রতীক উবুন্টুর ধারণাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে এবারের বিশ্বকাপের ব্র্যান্ডিং।