সফর বাতিলের হুমকির পর পাকিস্তান দলে তদন্ত শুরু

ওই ঘটনার জেরে সফর বাতিলের হুমকিও দেয়া হয়েছিল। এরপরই দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে তদন্তে নামে পিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান দল
পাকিস্তান দল |ফাইল ছবি

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলে যেন নাটক থামছেই না। সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো, প্রধান কোচ পরিবর্তনের পর এবার দলের ‘শৃঙ্খলা ও আচরণ’ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। এর মধ্যেই একের পর এক ঘটনায় অস্বস্তি বাড়ছে দলটির অন্দরমহলে।

গত সপ্তাহে সফর থেকে সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠায় পাকিস্তান। একই সময়ে প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে নিউজিল্যান্ডের মাইক হেসনকে দায়িত্ব দেয়া হয়।

লর্ডসে দ্বিতীয় টেস্ট চলাকালে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে প্রচারিত হওয়ায় ক্ষুব্ধ হয় পাকিস্তান দল।

ওই ঘটনার জেরে সফর বাতিলের হুমকিও দেয়া হয়েছিল। এরপরই দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে তদন্তে নামে পিসিবি।

সোমবার সকালে দেয়া এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত সংবাদমাধ্যমের খবর পর্যালোচনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত শুরু করেছে। পিসিবি তার মানসম্মত বিধিমালা অনুযায়ী এ ধরনের বিষয়গুলো পরিচালনা করে থাকে। পিসিবির নিয়ম মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট সকল ব্যক্তি উপযুক্ত মূল্যায়নের সুযোগ পান।’

তবে তদন্ত চলাকালে বিভিন্ন মহল থেকে ছড়ানো গুঞ্জন ও যাচাইহীন তথ্য নিয়ে সতর্ক করেছে বোর্ড।

বিবৃতিতে বলা হয়, ‘এই পর্যায়ে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে শত্রুভাবাপন্ন বহিরাগত উৎস থেকে ছড়িয়ে পড়া যেকোনো অনুমানভিত্তিক প্রতিবেদন বা যাচাইহীন দাবিকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়। এই মুহূর্তে পিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। অংশীদার ও সাধারণ জনগণকে পিসিবির অফিসিয়াল যোগাযোগের ওপর ভরসা রাখার পরামর্শ দেয়া হচ্ছে।’