চাপে পাকিস্তান, লর্ডসে চালকের আসনে ইংল্যান্ড

ইংল্যান্ডে বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ২৬১ রান; ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে।

নয়া দিগন্ত অনলাইন
অলি রবিনসন ও জফরা আর্চারের তোপে মাত্র ১১০ রানে অলআউট পাকিস্তান
অলি রবিনসন ও জফরা আর্চারের তোপে মাত্র ১১০ রানে অলআউট পাকিস্তান |নয়া দিগন্ত

লর্ডসে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইংল্যান্ড। এক সেশনেই ভেঙে দিয়েছে পাকিস্তানের মেরুদণ্ড। অলি রবিনসন ও জফরা আর্চারের তোপে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।

নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রান করা ইংল্যান্ড পেয়েছে ১৮০ রানের বড় লিড। সেই সাথে দ্বিতীয় ইনিংসে আরো রান বাড়াচ্ছে স্বাগতিকেরা। ৩ উইকেটে ৮১ রান নিয়ে শেষ করেছে দিন। সব মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে আছে ২৬১ রানে।

শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটি ছিল পুরোপুরি ইংল্যান্ডের। দিনের শুরুতে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ইংলিশরা শেষ পর্যন্ত ২৯০ রান করে। এরপর বল হাতে পাকিস্তানকে কোনো সুযোগই দেয়নি তারা।

রবিনসন-আর্চারের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল পাকিস্তানের ব্যাটিং। মাত্র ৩৭.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। রবিনসন মাত্র ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। ১৩ ওভারের স্পেলে মেডেন করেন ছয়টি। আর্চারের শিকার ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে একাই লড়াই করেন ওপেনার আজান আওয়াইস। ১০২ বলে ৪৬ রান করেন তিনি। তবে তাকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধও ভেঙে দেন রবিনসন। এরপর মাত্র ৬ রানের মাঝে শেষ চার উইকেট হারায় পাকিস্তান।

বাবর আজমের ফেরাটাও ছিল হতাশার। চোট কাটিয়ে দলে ফিরে অধিনায়ক করেন মাত্র ৮ রান। শান মাসুদ ১, আবদুল্লাহ শাফিক ৫, মোহাম্মাদ রিজওয়ান ৭ ও সাউদ শাকিল ১৬ রান করেন।

অন্যদিকে ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ১৩ রানেই হারায় দুই উইকেট। তবে এমিলিও গে ও জো রুট মিলে ৪৭ রানের জুটি গড়ে চাপ সামাল দেন।

রুট ২৪ রানে ফিরলেও দিন শেষে গে ৩০ ও হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত। ২২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ডের লিড ছিল ২৬১ রান। হাতে রয়েছে আরো ৭ উইকেট।