তৃতীয় দিনের খেলা শুরু

সিলেট টেস্ট-এর তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ, আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর টাইগারদের লক্ষ্য এখন দীর্ঘ সময় ব্যাট করে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করানো।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনশেষে যে দুশ্চিন্তা ছিল, দ্বিতীয় দিনে তা উবে গেছে অনেকটাই। স্বস্তি নিয়েই রোববার হোটেলে ফেরেন লিটন-শান্তরা। তবে এবার চ্যালেঞ্জ বাকি তিন দিন সেই ধারা ধরে রাখা।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১১০ রান নিয়ে। সব মিলিয়ে টাইগাররা এগিয়ে আছে ১৫৬ রানে। যা আশান্বিত করছে স্বাগতিকদের।

যদিও দ্বিতীয় দিনের শেষটায় কিছুটা হতাশা মিশে থাকল শেষ ওভারে মুমিনুল হকের বিদায়ে। তবে সেই আক্ষেপ সাময়িক, সামনে আছে প্রবল আশা। কেননা এই টেস্টের এখনো বাকি তিন দিন।

কোনো নির্দিষ্ট নিয়ে তাই ভাবনা নেই বাংলাদেশ দলের। মাঠে দাঁড়িয়ে থাকাই এখন বড় লক্ষ্য। দ্বিতীয় ইনিংসে যতটা লম্বা সময় সম্ভব ব্যাট করে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দিতে চান তারা।

এ জন্য সবার আগে সকালটা ভালোয় ভালোয় কাটাতে হবে। ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক শান্তর ওপরই থাকবে বাড়তি দায়িত্ব। তার সাথে আজ সোমবার তৃতীয় দিন শুরু করেছেন মুশফিকুর রহিম।

এদিকে গতকাল দিনশেষে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান নাহিদ রানা। বলেন, ‘এখন আমাদের পরিকল্পনা, যেহেতু টেস্টের মাত্র দুই দিন শেষ হয়েছে, আরো তিন দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারব, ব্যাটিং করব।’

তিনি বলেন, ‘সেরকম কোনো টার্গেট নেই যে ২০০ কিংবা ২৫০, ৩০০ রানের লক্ষ্য দিতে হবে। কারণ অনেক সময় পড়ে আছে। কালকের পরে আরো দুই দিন আছে। আমরা চেষ্টা করব কালকে পুরো দিন ব্যাটিং করার।’