ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় দুশ্চিন্তায় পাকিস্তান। ডান হাতের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় লিডস টেস্টে বাবর আজমকে পাওয়া নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত হতে পারে ম্যাচের দিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পেয়েছিলেন বাবর। এরপর বেকেনহ্যামে পেশাদার কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ফের একই চোটে পড়েন। মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে।
অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পাকিস্তান লিডসে পৌঁছে হেডিংলিতে অনুশীলন করেছে। সেখানে নেটে ব্যাটিং করেছেন বাবর। তবে বড় ধরনের অস্বস্তিতে দেখা না গেলেও অল্প সময়ের অনুশীলনেই থামতে হয়েছে তাকে।
এমতাবস্থায় বাবরকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পাকিস্তানের মেডিকেল প্যানেল ও নির্বাচকেরা। দলের পেসার মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করা হতে পারে।
আব্বাস বলেন, ‘তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ তিনি কিছু থ্রোডাউন ও ব্যাটিং অনুশীলন করেছেন। তবে আমাদের মেডিক্যাল পরামর্শ মেনে চলতে হবে।’
বাবর শেষ পর্যন্ত খেলতে না পারলে পাকিস্তানের মিডল অর্ডারে দু’টি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। সুযোগ পেতে পারেন সৌদ শাকিল ও আওয়াইস জাফর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে না থাকা সৌদ শাকিল প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন। ফলে বাবর খেললেও একাদশে থাকার সম্ভাবনা ছিল তার। আর বাবর না খেললে মিডল অর্ডারে আওয়াইস জাফরেরও জায়গা তৈরি হবে।
তবে বাবরই একমাত্র চোটের চিন্তা নন পাকিস্তানের। অধিনায়ক শান মাসুদের খেলা নিয়েও অনিশ্চিয়তা ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। এমনকি বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচেও ছিলেন না।
তবে শান মাসুদের অবস্থা এখন তুলনামূলক ভালো। হেডিংলিতে অনুশীলনের সময় দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন পাকিস্তানের অধিনায়ক। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাকে নিয়ে আপাতত বাবরের মতো বড় অনিশ্চয়তা নেই।
সব মিলিয়ে লিডস টেস্টের আগে পাকিস্তানের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই- বাবর আজম কি মাঠে নামতে পারবেন? উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত।



