লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথমবার দল পেয়েছেন মেহেদী মিরাজ ও হাসান মাহমুদ। প্লেয়ার্স ড্রাফট থেকে মিরাজ গেছেন গল গ্যালান্টসে, আর হাসানের ঠিকানা কলম্বো ক্যাপ্স।
শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট আয়োজন হয় সোমবার। যেখানে নাম দিয়েছিলেন প্রায় অর্ধশত বাংলাদেশী ক্রিকেটার। কিন্তু দল পেয়েছেন মাত্র দু’জন।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানারা নাম দিলেও ছিলেন উপেক্ষিত। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ।
গলে সতীর্থ হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে পাচ্ছেন মিরাজ। ড্রাফটের আগের দিন এই কিপার-ব্যাটসম্যানের সাথে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিটি।
আর সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। তাদের সাথে আগেভাগেই চুক্তি করে জাফনা।
দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হয়নি মিরাজ ও হাসানের। মিরাজ অবশ্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের অংশ ছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। সবকিছু ঠিক থাকলে যেখানে দেখা যাবে পাঁচ বাংলাদেশী ক্রিকেটারকে।



