ভারতের চ্যাম্পিয়ন হওয়ার খবর আগেই জানতেন হার্দিক পান্ডিয়া

ফাইনালের আগের দিন থেকেই ভারত বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস ছিল হার্দিক পান্ডিয়ার; নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি জানান সামনে আরও অনেক ট্রফি জিততে চান।

নয়া দিগন্ত অনলাইন
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া |সংগৃহীত

শক্তি-সাহস, ইতিহাস কিংবা অভিজ্ঞতা- সব দিক থেকেই নিউজিল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে ছিল ভারত। ফেভারিট হয়েই ফাইনালে নেমেছিল তারা। মাঠেও ছিল যার ছাপ।

রোববার আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ফাইনালে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি ভারত। ২৫৫ রানের রেকর্ড পুঁজি নিয়ে কিউইদের উড়িয়ে দেয় ৯৬ রানের বড় ব্যবধানে।

এই ইতিহাস গড়া সাফল্যের বিশ্বাস ফাইনাল ম্যাচের আগের দিন থেকেই ছিল হার্দিক পান্ডিয়ার। ম্যাচ শেষে জানালেন, এক দিন আগে থেকেই তিনি জানতেন শিরোপা জিততে চলেছেন।

বিশ্বকাপ জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভারতের তারকা এই অলরাউন্ডার বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ জেতা- এটি ইমোশনাল করার মতো বিষয়। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ জেতা, সবার উত্তেজনা, রোমাঞ্চ অসাধারণ। এখন মনে হচ্ছে আমরা সহজেই জিতে গিয়েছি। কিন্তু গতকাল থেকেই আমি জানতাম যে আমরা চ্যাম্পিয়ন।’

গত তিন বছরের মধ্যে হার্দিকের এটি তৃতীয় আইসিসি ট্রফি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

আর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে তাতেও মন ভরেনি হার্দিকের। জানিয়েছেন অন্তত ১০টি শিরোপা জিততে চান তিনি।

তিনি বলেন, ‘আমার আরো ১০ বছর বাকি আছে ক্রিকেট খেলার। আরো অর্ধেক বাকি আছে। আমি অন্তত ১০টি শিরোপা জিততে চাই, আইসিসি ও আইপিএল মিলিয়ে। তবে আমার জন্য আইসিসি ট্রফির গুরুত্ব সবচেয়ে বেশি। আমি এরই মধ্যে ৩টি ট্রফি জিতেছি। সামনে যে টুর্নামেন্টই খেলব, আমি জিততে চাই। তো আমি মনে করি, সামনের ১০ বছরে আরো অন্তত ৫-৬টি শিরোপা আসবে। এটিই আমার লক্ষ্য।’