দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

মুশফিকের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে দলের পুঁজি। ৮৬ ওভারে সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩০ রান।

নয়া দিগন্ত অনলাইন
সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম
সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম |সংগৃহীত

সেঞ্চুরি উদযাপনের মঞ্চ তৈরি করেই চা বিরতিতে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ফিরে এসে মাইলফলক স্পর্শ করতে আর দেরি করলেন না, ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন।

১৭৪ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি। তাতেই গড়েছেন দারুণ এক রেকর্ড। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি এখন তার। এটি তার ১৪তম সেঞ্চুরি। ১৩ সেঞ্চুরি আছে মুমিনুল হকের।

সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। শেষ ৬ টেস্টে তৃতীয়বারের মতো সেঞ্চুরি তুলে নিলেন তিনি, মাঝে আছে দুইটি ফিফটিও। একবার আউট হন ৪৯ রান নিয়ে।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি মুশফিকের ২৩তম সেঞ্চুরি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তামিম ইকবালের, ২৫টি। যেভাবে খেলছেন মুশফিক, দ্রুত সেই রেকর্ড হয়তো নিজের করে নেবেন তিনি।

সেঞ্চুরির পথে আরো একটি রেকর্ড গড়েছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক যদিও আগেই হয়েছিলেন, এবার তিনি পেরিয়ে গেলেন ১৬ হাজার রানের গণ্ডি।

মুশফিকের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে দলের পুঁজি। ৮৬ ওভারে সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩০ রান। ৪৬ রানের লিডসহ পুঁজি এখন ৩৭৬ রান। মুশফিক ১০৪ ও তাইজুল খেলছেন ১৫ রানে।

উল্লেখ্য, সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩২ রানে। ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।