পিএসএল ছেড়ে আইপিএলে, বড় শাস্তির মুখে দাসুন শানাকা

২০২৬ পিএসএলের জন্য দাসুন শানাকাকে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে সরে দাঁড়ান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা
শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা |সংগৃহীত

বড় শাস্তি পেলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিষিদ্ধ হয়েছেন তিনি। চুক্তি ভঙ্গের অভিযোগে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত ২০২৬ পিএসএলের জন্য শানাকাকে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে সরে দাঁড়ান তিনি।

পিএসএল থেকে নিজেকে প্রত্যাহার করে যোগ দেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের বদলি হিসেবে তাকে দলে নেয় আইপিএলের দল রাজস্থান রয়্যালস।

যেখানে তার চুক্তির মূল্য ছিল প্রায় দুই কোটি রুপি। যদিও এখন পর্যন্ত এবারের আইপিএলে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বেঞ্চে বসেই সময় কাটছে তার।

তবে তার এমন চুক্তিভঙ্গের ঘটনায় অসন্তুষ্ট পিসিবি। হঠাৎ করেই পিএসএল থেকে সরে দাঁড়ানোয় দিয়েছে কড়া শাস্তি। সোমবার এক বিজ্ঞপ্তিতে শানাকাকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে তারা।

পিসিবির বিবৃতিতে শানাকার ক্ষমা প্রার্থনার বিষয়টিও উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোয় দুঃখ প্রকাশ করেন।

জানান তার সিদ্ধান্তটি ছিল অনুতাপজনক। এমতাবস্থায় তিনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমী দর্শক ও আয়োজকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছেন।

উল্লেখ্য, এর আগেও পিএসএল চুক্তি ভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। সম্প্রতি একই কারণে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আর দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা। সমান নিষেধাজ্ঞা পেলেন দাসুন শানাকাও।