দেশের চলমান বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বন্যাদুর্গত মানুষের জন্য মহান আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ যেন বন্যাদুর্গত মানুষদের এই কঠিন পরিস্থিতিতে স্বস্তি ও মুক্তি দান করেন। হে রব, আপনি তাদের সহায়তা করুন এবং তাদের প্রতি দয়া করুন। হে আল্লাহ, একমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন। আল্লাহুম্মা আমীন।’
তার এই পোস্টে দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা এবং আল্লাহর সাহায্য কামনার বার্তা ফুটে উঠেছে। পোস্টটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরাও মন্তব্যে ‘আমীন’ লিখে তার দোয়ায় সাড়া দেন এবং বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া করেন।
ধর্মীয় অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মাহমুদুল্লাহ। এর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘যদি মন কঠিন হয়ে যায়, তাহলে মসজিদে যাতায়াত বাড়িয়ে দিন, নামাজ আদায় করুন। আল্লাহ তায়ালা আপনার মনকে নরম এবং প্রশান্তি দান করবেন।’
এ ছাড়া গত জুনে দেয়া আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘ফা ইন্নী কারিব’ আল্লাহ অবশ্যই আমাদের কাছে আছেন। আমরা ডাকার মতো ডাকতে পারি না। এটা আমাদের ব্যর্থতা।’
আর এপ্রিলের এক শুক্রবার তিনি সবাইকে বেশি বেশি দরুদ পাঠের আহ্বান জানিয়ে লিখেছিলেন, ‘আজকের দিনে যত বেশি দরুদ পড়া যায়, ইনশাআল্লাহ।’
আরেকটি পোস্টে আল্লাহর ওপর ভরসার গুরুত্ব তুলে ধরে মাহমুদুল্লাহ বলেন, ‘আল্লাহর ওপর ভরসা আপনাকে এক অন্যরকম স্বস্তি ও অনুভূতি দান করে। আল্লাহ নিশ্চয়ই তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’
ধর্মীয় অনুভূতি ও ইসলামের বিভিন্ন শিক্ষা নিয়ে মাহমুদুল্লাহর এমন পোস্টগুলো দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। ইসলামপ্রিয় অনেকেই এ কারণে তাকে বিশেষভাবে ভালোবাসেন।



