ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আজ (৭ মে) সিটি ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে আবাহনী। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লিওপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছিল দলটি।
আবাহনীর হারের দিন টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আগের ম্যাচে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছিল মোহামেডান।
বৃষ্টির কারণে ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত আবাহনী ও সিটি ক্লাব ম্যাচটি ২৭ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭ ওভারে ৫ উইকেটে ২০৯ রানের পুঁজি পায় আবাহনী।
এদিন পাঁচ নম্বরে নেমে ৪৯ বলে সেঞ্চুরি করেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এতে মোসাদ্দেক ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। ২০১৬ সালে ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মাশরাফি।
রেকর্ড গড়া ইনিংসে ৬টি চার ও ১০টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ১০১ রান করেন মোসাদ্দেক। এছাড়া ওপেনার জিশান আলম করেন ৪৪ বলে ৫৪ রান। অন্যদিকে, সিটি ক্লাবের হয়ে নিহাদুজ্জামান তুলে নেন ৩ উইকেট।
জবাবে সতীর্থদের ব্যর্থতার মাঝেও ওপেনার ও অধিনায়ক মেহেদি মারুফের মারমুখী ব্যাটিংয়ে রানের চাকা সচল থাকে সিটি ক্লাবের। ১৯তম ওভারে দলীয় ১২৪ রানে আউট হন মারুফ। ৮ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৭১ রান করেন তিনি।
এরপর লোয়ার অর্ডারে তাহজিবুল ইসলাম-মোহাম্মদ ইনামুল ও আব্দুল গাফফার সাকলাইনের ক্যামিও ইনিংসের সুবাদে ৮ বল বাকি থাকতে নাটকীয় জয় পায় সিটি ক্লাব। ২৫.৪ ওভারে ৮ উইকেটে ২১০ রান করে তারা।
ইনামুল ৭ বলে ২২, সাকলাইন ১১ বলে ২৫ ও তাহজিবুল ২৮ বলে অপরাজিত ৪০ রান করেন। অন্যদিকে, মোসাদ্দেক ৩ উইকেট নেন।
এদিকে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে মোহামেডানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ২০৯ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। সাত নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সোহাগ গাজী। মোহামেডানের রিপন মন্ডল-মুশফিক হাসান-তাইবুর রহমান ও নাইম আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ৫০ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করেন অধিনায়ক তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান। হৃদয় ৮২ ও তাইবুর ৭৪ রানে থামার পর আফিফ হোসেন ও ইয়াসির আলি মোহামেডানের জয় নিশ্চিত করেন। আফিফ ১০ ও ইয়াসির ৯ রানে অপরাজিত থাকেন।
দিনের অন্যান্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮২ রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে, লিজেন্ডস অব রূপগঞ্জ
৮৩ রানে বসুন্ধরা স্ট্রাইকার্সকে, প্রাইম ব্যাংক ৩২ রানে গুলশান ক্রিকেট ক্লাবকে ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৩১ রানে হারায় ঢাকা লিওপার্ডসকে।
সূত্র : বাসস



