বড় অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। অবনমন অঞ্চলে থাকা মায়োর্কার কাছে হেরে বসেছে তারা। এই হারে লিগ জেতার দৌড়ে বড় ধাক্কাই খেয়েছে লস ব্লাঙ্কোজরা।
দারুণ ছন্দে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যায় রিয়াল। তবে টানা ছয় ম্যাচে জয় পাওয়া দলটা খেলায় ফিরেই খেয়েছে হোচট। শনিবার মায়োর্কার কাছে হেরেছে ২-১ গোলে।
অবনমন অঞ্চলের দলের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আধিপত্য করলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল রিয়াল মাদ্রিদ। ২৫তম মিনিটে সেরা সুযোগটি পান কিলিয়ান এমবাপ্পে।
কিন্তু এদুয়ার্দো কামাভিঙ্গার থ্রু বল ধরে তার নেয়া শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। আট মিনিট পর আরেকটি ভালো সুযোগ তৈরি করে তারা। এবার আর্দা গিলেরের শট আটকে ক্ষিপ্রতায় আটকে দেন গোলরক্ষক রোমান।
ওখান থেকে পাল্টা আক্রমণে উঠে সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা; কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি মর্লানেস। তবে অপেক্ষা বাড়েনি, ৪২ মিনিটে ভাঙে রিয়াল দূর্গ।
সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার পাবলো মাফেও। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স ছিল আরো হতাশাজনক। সমতায় ফেরার কয়েকটি কিছু সুযোগ পেলেও মায়োর্কার গোলকিপারের কাছে হার মানতে হয় তাদের।
অবশেষে ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে লক্ষ্যভেদ করেন এদের মিলিতাও। আলেকজান্ডার-আর্নল্ডের নেয়া কর্নার থেকে হেডে বল জালে জড়ান তিনি।
ম্যাচে সমতা ফেরায় যখন খানিকটা স্বস্তিতে রিয়াল, তখনই ঘটে অঘটন। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে বসেন ভেদাত মুরিকি। সতীর্থের পাস পেয়ে ঠিকানা খুঁজে নেন কসোভোর স্ট্রাইকার।
এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ২-১ গোলের হার নিয়েই।
এই হারে লিগ জেতার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ২২ জয়, ৩ ড্র ও ৫ হারে কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়রদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। যেখানে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬।


