গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চার বছর পর জাতীয় দলে ফিরেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। ওয়ানডের মত টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক। তিনি জানান, দলের প্রয়োজনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেন মোসাদ্দেক। ৩ ইনিংস ব্যাট করে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান করেন মোসাদ্দেক। বল হাতে নেন ২ উইকেট।
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোসাদ্দেক। এজন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে মনোনয়নও পেয়েছেন তিনি।
ওয়ানডের পারফরমেন্স দিয়ে চার বছর পর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, ‘নিজের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। দলে ফেরার পর আমি ভালো খেলেছি এবং এখন আমাকে আরো ভালো খেলতে হবে। দলের প্রয়োজনে নিজের সেরাটা খেলতে হবে।’
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মোসাদ্দেক জানান, হারারের চেয়ে বুলাওয়ের পরিবেশ ভিন্ন।
টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে চান মোসাদ্দেক। তিনি বলেন, ‘বুলাওয়ের কন্ডিশন হারারে থেকে বেশ আলাদা। বাতাস বেশি এবং পরিবেশও ভিন্ন। খেলার সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করার এবং দলের জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগতভাবে দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’
আগামীকাল থেকে বুলাওয়েতে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এবারের জিম্বাবুয়ে সফর ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ। সফরের শুরুতে এক ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।



