রঙিন পোশাকে মন খারাপের গল্প কম লেখেনি নিউজিল্যান্ড। খুব কাছে গিয়েও বারবার হতে হয়েছে হতাশ, হাত ফসকেছে শিরোপা। তবে এবার সুযোগ এসেছে সেই আক্ষেপ ঘোচানোর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যেখানে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি ম্যান ইন ব্লুদের সামনে।
প্রথমবারের মতো প্রায় ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচটি।
ক্রিকেটের বৈশ্বিক সব আসরের নকআউট ম্যাচ মানেই যেন নিউজিল্যান্ডের হৃদয় বিদারক সব হার। রঙিন পোশাকে তাদের মলিন হয়ে মাঠ ছাড়ার ট্র্যাজেডি নাড়া দেয় সবাইকে। এভাবেই চলে আসছে যুগের পর যুগ।
বিশেষ করে গত ১১ বছরে সাদা বলের চারটি টুর্নামেন্টের ফাইনালে খেলে একবারও জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার সব অপূর্ণতা দূর করতে চায় কিউইরা। সেই লক্ষ্যেই উঠে এসেছে ফাইনালে।
ফাইনালে আসার পথটা অবশ্য সহজ ছিল না। একটু এদিক-সেদিক হলেই দর্শক হয়ে যেতে হতো। যদিও গ্রুপ পর্বে ৪ ম্যাচের ৩টিই জিতে নিউজিল্যান্ড। একমাত্র হারটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
গ্রুপ রানার্সআপ হয়ে সুপার এইটে এসে অবশ্য চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ৩ ম্যাচ খেলে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট পায় তারা। একই চিত্র ছিল পাকিস্তানেরও।
এমতাবস্থায় ছিল বিদায়ের শঙ্কাও। কিন্তু শেষ পর্যন্ত রান রেটে এগিয়ে থাকায় ভাগ্য সহায় হয়। সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। তবে এবার আর ভুল হয়নি।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা না পেলেও এবার দারুণ প্রতিশোধ নেয় কিউইরা। কাগজ-কলমের হিসাব বদলে দিয়ে ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে উড়িয়ে দেয় প্রোটিয়াদের।
৯ উইকেটের বড় জয়ে নিউজিল্যান্ড জায়গা করে নেয় ফাইনালে। এবারের আগে মোট চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কিউইরা, দ্বিতীয়বারের মতো উঠে আসে ফাইনালে।
প্রথমবার ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে নিউজিল্যান্ড। তবে সেবার অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া করে তারা। তবে এবার সুযোগ কাজে লাগাতে চায় কিউইরা।
যদিও তা খুব একটা সহজ হবে না, তবে অতীত ইতিহাস হতে পারে অনুপ্রেরণা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিততে পারেনি ভারত। তিন দেখায় তিনবারই জিতেছে কিউইরা।
শুধু তাই নয়, এখন পর্যন্ত যে দু’টি বৈশ্বিক শিরোপা জিতেছে নিউজিল্যান্ড, প্রতিবারেই বিজয় উল্লাস করেছে ভারতকে হারিয়েই।
২০০০ সালে নকআউট ট্রফিতে (বর্তমান চ্যাম্পিয়নস ট্রফি) ভারতকে ৪ উইকেটে ও ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেটের জয় পায় কিউইরা।


